এসকে মোতাহার হোসেন : আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে একটি নামী কম্পানির লটারি’র আড়ালেই রমরমিয়ে চলছে জাল লটারি’র ব্যাবসা। এবার রিতিমতো ফাঁস পেতে জাল লটারি ২ পাচারকারীকে গ্রেপ্তার করল আসানসোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিংয়ে একটি অটো আটক করা হয়। সেই অটোতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা জাল লটারি টিকিট উদ্ধার হয়। যার বাজার মূল্য ৯০ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় রাজন রজক ও চন্দন সাউ নামে দুই ব্যক্তিকে।
আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কির জানান, গোপন সূত্রে খবর আসে একটি অটো রিক্সা করে জাল লটারির টিকিট আসানসোল স্টেশন থেকে বেরিয়ে গন্তব্য স্থলে যাবে। সেইমতো আসানসোল উত্তর ও দক্ষিণ থানার পুলিশ ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোরে নাকা চেকিং শুরু করে।
সেই নাকাচেকিংয়ের সময় সন্দেহবশত একটি অটো আটক করে তল্লাশি চালাতেই অটোতে থাকা ৯টি বস্থা থেকে ৯ লক্ষের মতো জাল লটারি উদ্ধার হয়। যার বাজার মূল্য ৯০ লক্ষের মতো। এরপরেই অটো সহ জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়।
