অমিত শর্মা : মঙ্গলবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেল অনুব্রত মন্ডল। এদিন অনুব্রতর জামিন মঞ্জুর করেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতিশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। তবে অনুব্রতর জামিন মঞ্জুর হলেও এখনই তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
সিবিআইয়ের মামলায় অনুব্রত জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন সেই মামলার শুনানিতে তাঁর পক্ষের আইনজীবী সওয়াল করার সময় বার বার আর্জী জানিয়েছেন, গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন। কিন্তু তাঁর মক্কেলকে আটকে রাখা হচ্ছে।
২০২২ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় কী রায় হয়, এখন সে দিকেই নজর থাকবে অনুব্রত মন্ডলের।
